মিডল্যান্ড ব্যাংকের ‘ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি’ শীর্ষক দুইদিনের প্রশিক্ষণ

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) উদ্যোগে ‘ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর বনানীর এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে গত  ৪ জুলাই ও ১১ জুলাই (শনিবার) প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সংশ্লিষ্টরা জনান, প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা, শরীয়াহ্-সম্মত ব্যাংকিং পণ্য, কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা।

প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফরিদউদ্দিন আহমেদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম। দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর সাদেক, এফসিএ এবং সিটি ব্যাংক পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট ড. মো. হাফিজুর রহমান, সিএসএএ।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নজমুল হুদা সরকার।

এছাড়াও ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, এরিয়া হেড, নির্বাচিত শাখা ব্যবস্থাপক এবং বনানী শাখার সকল কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. শরীয়াহ্-ভিত্তিক ব্যাংকিং সেবার সম্প্রসারণে তার চলমান অঙ্গীকারের অংশ হিসেবে কর্মকর্তাদের পেশাগত জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রতি পুনরায় তার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত