বাংলাদেশের সংকটে পাশে থাকার ঘোষণা মালদ্বীপের প্রেসিডেন্টের

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম

বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

রবিবার (১২ জুলাই) এক শোক বার্তায় তিনি এই সমবেদনা জানান। বাংলাদেশের এই চরম সংকটের মুহূর্তে মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের সরকার, জনগণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এই সমবেদনা বার্তা প্রদান করেন।

গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের ৭টি জেলার ৫৯টি উপজেলা এখন পানির নিচে। বন্যা এবং পাহাড়ধসের কারণে এখন পর্যন্ত ৫১টি তাজা প্রাণ ঝরে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন লাখো মানুষ।

মালদ্বীপের প্রেসিডেন্ট তার বার্তায় স্পষ্ট করে উল্লেখ করেছেন যে, এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার এবং জনগণ বাংলাদেশের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষের যে সহনশীলতা ও শক্তি, তা আবারও এই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বার্তায় তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য এবং বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতির প্রার্থনাও করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত