নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে সম্প্রতি দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার পর ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও বাংলাদেশ ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার্স মিটিং’এ অংশ নেবে। আগামী ১৬ জুলাই নয়াদিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে বিমসটেকের সভাপতি। এ কারণে বৈঠকটিতে অংশগ্রহণ করা বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার মধ্যে পড়ে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। তার অংশ নেওয়ার বিষয়টি কূটনৈতিক মাধ্যমে ভারত সরকারকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সম্প্রতি ডা. জাহেদ উর রহমানের দিল্লী বিমানবন্দর থেকে ফিরে আসার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যাকে বাংলাদেশ সন্তোষজনক মনে করেনি এবং তা প্রত্যাখ্যান করেছে।

তবে কর্মকর্তারা বলেন, ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের এ সফরকালে আয়োজক দেশ ভারত আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও রাষ্ট্রাচার যথাযথভাবে অনুসরণ করে কি না, বাংলাদেশ তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

তারা বলেন, ইতোমধ্যে ভারত সরকারকে সফর সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রতিনিধি দলের সফর উপলক্ষে ভারত সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য প্রদর্শনের কথাও বলা হয়েছে। এ বিষয়ে ভারতের আচরণ ভবিষ্যতে বাংলাদেশ-ভারতের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও অন্যান্য আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখা হবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত