অস্ত্র ও মাদকের বিরুদ্ধে ডিবির বিশেষ অভিযান চলবে

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:২৮ এএম

রাজধানীতে অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।

গতকাল সোমবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজধানীতে পৃথক তিনটি অভিযানে দুটি বিদেশি বন্দুক, একটি বিদেশি এলজি, ১৫ রাউন্ড লিড বল কার্তুজ, ১ হাজার ৭৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একাধিক যানবাহন জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জয়নাল, সামিউল হক, নুর ইসলাম সুরুজ, হাফিজুর রহমান ওরফে লালমিয়া, সোহান চৌধুরী, রবিউল ইসলাম মুন্না ও মো. কাশেম।

মহানগর ডিবি প্রধান বলেন, সোমবার ভোরে গাবতলী ব্রিজ এলাকায় ডিবির মিরপুর বিভাগের বিশেষ চেকপোস্টে অস্ত্র ও মাদক বহনকারী দুটি প্রাইভেটকার আটকের চেষ্টা করা হলে একটি গাড়ি পুলিশের ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ি তল্লাশি করে দুটি বিদেশি বন্দুক, একটি বিদেশি এলজি, ১৫ রাউন্ড লিড বল কার্তুজ, ৫৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় এস্কাফ সিরাপ রাজধানীতে এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা অস্ত্রধারী এসকর্ট গাড়ি ব্যবহার করত। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত