সিটি ব্যাংক-বিকাশ ন্যানো লোন ছাড়াল ১০ হাজার কোটি টাকা

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:৫০ এএম

সিটি ব্যাংক-বিকাশ গ্রাহকের নেওয়া ডিজিটাল ন্যানো লোনের পরিমাণ ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল সোমবার ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিটি ব্যাংক। এতে বলা হয়েছে ২০২১ সালের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর পর থেকে ৩৫ লাখ বিকাশ অ্যাপের গ্রাহক মোট ৩ কোটি ১৯ লাখ লোন অ্যাকাউন্টে এই ঋণ নিয়েছেন। প্রতিটি গ্রাহক গড়ে ৯ বারের বেশি স্বল্পমেয়াদি এ ঋণ নিয়েছেন। বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি যোগ্য বিকাশ গ্রাহকের জন্য এই ঋণ সুবিধা চালু রয়েছে।

সিটি ব্যাংক জানিয়েছে, ন্যানো লোন নেওয়া গ্রাহকের বড় একটি অংশের আগে ব্যাংক ঋণ পাওয়ার সুযোগ সীমিত ছিল এবং আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাদের সংযোগও কম ছিল। বর্তমানে কোনো ব্যাংক শাখায় না গিয়ে এবং কাগজপত্র ছাড়াই যোগ্য গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে ১ মিনিটেরও কম সময়ে এই ঋণ নিতে পারছেন। প্রতিদিন প্রায় ১ লাখ গ্রাহক বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংকের এই ঋণ সুবিধা গ্রহণ করছেন। প্রতিটি ঋণের গড় পরিমাণ প্রায় ৩ হাজার টাকা। বর্তমানে মাসে প্রায় ৯০০ কোটি টাকা ঋণ বিতরণ হচ্ছে। এসব ঋণ ক্ষুদ্র ব্যবসার প্রয়োজন, পারিবারিক ব্যয়, চিকিৎসা ও শিক্ষা ব্যয়সহ বিভিন্ন জরুরি প্রয়োজনে ব্যবহার করছেন গ্রাহকরা।

সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিজিটাল ন্যানো লোনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ঋণ পরিশোধের হার। মোট বিতরণ করা ১০ হাজার কোটি টাকার মধ্যে খেলাপি ও অবলোপন করা ঋণের পরিমাণ মাত্র ৫৩ কোটি টাকা, যা মোট ঋণের শূন্য দশমিক ৫ শতাংশ। অর্থাৎ, বিতরণ করা ঋণের ৯৯ দশমিক ৫ শতাংশ নিয়মিতভাবে ব্যাংকে ফেরত এসেছে। সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন জানান, ‘দেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ যখন বড় উদ্বেগের বিষয়, তখন দেখা যাচ্ছে ছোট অঙ্কের ডিজিটাল ঋণে পোর্টফোলিওর মান ঈর্ষণীয় পর্যায়ের। এই ঘটনাটি থেকে পুরো ব্যাংকিং খাতের জন্যই শিক্ষা ও অনুপ্রেরণা নেওয়ার মতো অনেক কিছু আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত