ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

দিনাজপুর শহরে দ্রুতগামি একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পরমেনোশ হেমব্রোম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। দুর্ঘটনায় তার স্ত্রী সেলিনা কিসকো (৪৫) গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর শহরের মির্জাপুর বাসটার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পরমেনোশ হেমব্রোম চিরিরবন্দর উপজেলার দল্লা মিশনপাড়া গ্রামের মৃত সময় হেমব্রোমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে পরমেনোশ তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে মির্জাপুর টার্মিনালের দিকে যাচ্ছিলেন।পথে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী দুজনেই সড়কে ছিটকে পড়েন। এতে পরমেনোশ ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সেলিনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আহত নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত