অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চট্টগ্রামে সাদিয়া'স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম

চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় ‘সাদিয়া'স কিচেন’ এর প্রধান রান্নাঘরে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৪ জুলাই) অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাদিয়া'স কিচেনের প্রধান রান্নাঘরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল। রান্নাঘরের ভেতরে পচা ডিম, পচা ব্রেডক্রাম্ব, ইঁদুর, তেলাপোকা, মশা ও মাছির উপদ্রব দেখা যায়। এছাড়া ডিপ ফ্রিজে উচ্ছিষ্ট অংশের সঙ্গেই মুরগি রাখা, খাদ্য প্রক্রিয়াকরণের জায়গার ভেতরেই মুরগির খামার গড়ে তোলা, খোলা ড্রেনেজ এবং কাঁচা মাংসের সঙ্গে খোলা অবস্থায় দই সংরক্ষণের মতো মারাত্মক সব অনিয়ম হাতেনাতে ধরেন ভ্রাম্যমাণ আদালত। 

চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ফারহান ইসলাম জানান, অভিযানে প্রতিষ্ঠানের প্রধান রান্নাঘরে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে গুরুতর স্বাস্থ্যঝুঁকি পূর্ণ পরিবেশ এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের একাধিক অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত