রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন 

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কাঞ্চনাবাদ পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
 
এর আগে সোমবার রাত ১০টায় চট্টগ্রাম নগরীর বাসার সামনে (বিভারলি হিল সোসাইটি) প্রথম জানাজা ও মঙ্গলবার সকাল ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তার নিজ বাড়ির উঠানে তাকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। 

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

চট্টগ্রাম জেলা ও চন্দনাইশ থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ১৩ জুলাই ভোর ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গার্ড অব অনার অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। চন্দনাইশের কৃতি এই রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে মানুষের ঢল নামে। এ জানাজাতেও সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নেন।

জানাজা শেষে নিজ বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে মা-বাবা পাশে নজরুল ইসলাম চৌধুরীকে দাফন করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণমানুষের জন্য কাজ করা এই বর্ষীয়ান নেতাকে শেষ বিদায় জানাতে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত