পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানার ওসি ও এক কনস্টেবল আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪ টার দিকে পৌরসভার মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সুজানগর থানার ওসি মো: মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখাসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে দুটি গাড়িতে পুলিশের টহল টিম মথুরাপুরের এলাকায় গিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকও করে। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই দলের কয়েক শত কর্মী সমর্থক পুলিশের ওপর হামলা চালিয়ে সবাইকে ছিনিয়ে নেয়। দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরণের লাঠিসোঁটা দিয়ে হামলা করা হয়।
এ ঘটনায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দুজন পুলিশ সদস্য আহত হন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাব উপস্থিতিতে এ হামলা চালানো হয় বলে দাবি পুলিশের। আহতরা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানায় পুলিশ।
তবে স্থানীয়দের দাবি, উপজেলা সভাপতি আব্দুল ওহাবকে গ্রেপ্তারের জন্য এলাকায় এসে পুলিশ নিরিহ মানুষদের আটক করে নিয়ে যায়। প্রায়ই নিরিহ মানুষ অন্যায়ভাবে আটকের স্বীকার হয়। আর এ কারণেই তারা ক্ষিপ্ত হয়ে এমন কাজ বেঁচে নেয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাব পুলিশের এ দাবি সঠিক নয় দাবি করেছেন। তিনি বলেন, আমি জেলার বাইরে থাকি। পুলিশের তান্ডবে এলাকাতে যেতে পারি না। সেখানে আমি থাকলাম কিভাবে। যতটুকু জেনেছি, রাতে বিশ্বকাপ খেলা দেখার পর ওই এলাকায় ছেলেপেলেরা খিচুরি খাওয়া দাওয়া করছিলো। এসময় পুলিশ গিয়ে ১০/১৫ জনকে আটক করে। তখন ওই এলাকার মানুষ, এমনকি মহিলারাও নাকি বেরিয়ে এসে আটকদের ছাড়িয়ে নেয়। এসময় নাকি পুলিশের গাড়িতে বাড়ি টারি দিছে, দুজন আহত হইছে বলে শুনলাম।
এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলা চালিয়ে ওসি সহ দুজনকে আহত করা হয়েছে। তারা চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে দোষীদের শনাক্ত করার কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।