যুক্তরাষ্ট্র-ইরানকে আবারও আলোচনায় ফেরার আহ্বান পাকিস্তানের

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধ করে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, তাদের মধ্যস্থতায় গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকলেও সহিংসতা বন্ধ এবং কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করতে তারা সংশ্লিষ্ট সব পক্ষকে উৎসাহিত করে যাবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসলামাবাদে সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, 'সমঝোতা স্মারক বাস্তবায়নে কিছু প্রতিবন্ধকতা থাকলেও পাকিস্তান সব পক্ষকে সহিংসতা বন্ধ করে এমওইউ অনুযায়ী কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানাতে থাকবে।'

তিনি আরও বলেন, 'হরমুজ প্রণালির পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপদ, সুরক্ষিত ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার ওপরও আমরা জোর দিচ্ছি।'

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা শুরু করেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

এই সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কাও দেখা দিয়েছে, যার প্রভাব সংঘাতের বাইরে থাকা দেশগুলোর অর্থনীতিতেও পড়তে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রয়েছে বলে দাবি করে আসছে ইরান। গত জুনে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতা হলেও নতুন করে সংঘাত শুরু হওয়ায় পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে।

তাহির আন্দ্রাবি বলেন, 'বর্তমান পরিস্থিতি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং খাদ্যনিরাপত্তাসহ অন্যান্য অর্থনৈতিক খাতে যে প্রভাব ফেলছে, তা মোকাবিলার জরুরি প্রয়োজনীয়তা পাকিস্তান উপলব্ধি করছে।' 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত