নরসিংদীতে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

নরসিংদীর রায়পুরায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

ওই দুই শিশু শিক্ষার্থী হলো, শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর গ্রামের নুরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮) ও চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিপা (৭)। এর মধ্যে জান্নাতি ভেলুয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতো।

 স্বজনরা জানায়, নিপা ভেলুয়ারচর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিলো। সকালে দুই বোন বাড়ির পাশে জমিতে জমে থাকা পানিতে গোসল করতে গিয়েছিলো। এসময় সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পানিতে নেমে তাদের উদ্ধার করে। পরে তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

শিশু জান্নাতির চাঁচা মাহালম বলেন, আমাদের চরাঞ্চলে জমিগুলোতে পানি জমে থাকে, যাকে আমরা চক বলি। সেই চকে তারা গোসলে করতে গিয়ে পানিতে ডুবে যায়। কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে উদ্ধার করলেও তাদের বাঁচাতে পারেনি। আমি ভাতিজিকে হারিয়ে ফেললাম।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা বলেন, বেলা ১১টার দিকে ভেলুয়ারচর থেকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা করে আমারা তাদের মৃত ঘোষণা করি।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। সম্পর্কে তারা আত্মীয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত