ভোলার সদর উপজেলার চরজংলা এলাকায় বসতবাড়িতে ঢুকে চাঁদা দাবি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দিনভর বিশেষ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ফাহাদ হোসেন রূপক (৩৩), মো. আব্দুল্লাহ (১৯), দিগন্ত চন্দ্র ঘোষ ওরফে শুভ (২৪) এবং নাদিমুল মাওলা ওরফে নাদিম (১৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই সকালে ভোলা পৌরসভার ভোকেশনাল রোড এলাকায় ব্যবসায়ী ফজলে রাব্বির ওপর হামলা চালিয়ে তাকে মারধর করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করে অভিযুক্তরা চাঁদা দাবি করে বলে অভিযোগ রয়েছে।
এর কিছু সময় পর অভিযুক্তরা ফজলে রাব্বির বাবা আবদুল জলিল মিয়ার সদর উপজেলার চরজংলা এলাকার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে জোরপূর্বক ১৯ হাজার টাকা নিয়ে যায় তারা। একই দিন রাতে আবারও ওই বাড়িতে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে পুনরায় চাঁদা দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আবদুল জলিল মিয়া বাদী হয়ে ১৭ জুলাই ভোলা সদর মডেল থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভোলা সদর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা ধারাবাহিকভাবে চলবে।