পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ বিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ রবিবার (১৯ জুলাই) বিকেলে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
আগামী ২০ থেকে ২১ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং সমন্বিত যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করবেন।
পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি রয়্যাল থাই পুলিশের প্রধানের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। আইজিপি আগামী ২২ জুলাই দেশে ফিরবেন।