কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১১:২৩ এএম

কুষ্টিয়ায় প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে শহরের একটি ছাত্রাবাসে ডেকে এনে চার দিন আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাফিউজ্জামান রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) কৌশলে ছাত্রাবাস থেকে বেরিয়ে এসে চিৎকার করলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে তাদের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে।

পুলিশ জানায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষীখোলা গ্রামের বাসিন্দা যুবক রাফিউজ্জামান রবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ওই তরুণীর সাথে। তারই সূত্র ধরে বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে ডেকে নিয়ে আসে শহরের আড়য়াপাড়া এলাকার একটি বহুতল ভবনের নিচতলার ছাত্রাবাসে। সেখানে আটকে রেখেই তরুণীকে পাষবিক নির্যাতন করে। গত চার দিন ধরে তাকে ওই ছাত্রাবাসে আটকে রাখে রবিন ও তার সহযোগীরা। 

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘ চার দিন ধরে তাকে শারীরিক নির্যাতন করে জোড়পূর্বব ধর্ষণ করেছে রবিন। আমার পরিচয় গোপন করতে ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলেছে। সেখান থেকে কৌশলে ছাত্রাবাস থেকে পালিয়ে রাস্তায় বের হয়ে চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে’। 

২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, ‘কুষ্টিয়া মডেল থানার পুলিশ প্রেরিত ওই নারী ‘হিস্ট্রি অব সেক্সুয়াল অ্যাসাল্ট’ জনিত আহত হওয়ায় তাকে গাইনি ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ‘তরুণীকে ছাত্রাবাসে আটকে রেখে ধর্ষণের অভিযোগে রবিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আহত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণ মামলা করা হয়েছে। এঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত