অনির্দিষ্টকালের জন্য সিএনজি স্টেশনে ধর্মঘটের ডাক

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

সিএনজি বিক্রিতে কমিশন বা মার্জিন বাড়ানোর দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকেরা। দাবি পূরণ না হলে আগামী ৩০ জুলাই এক দিনের প্রতীকী ধর্মঘট এবং পরে ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচি ঘোষণা করে।

সংগঠনের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী লিখিত বক্তব্যে জানান, ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।

লিখিত বক্তব্যে বলা হয়, গত প্রায় ১১ বছর ধরে প্রতি ঘনমিটার সিএনজিতে কমিশন ৮ টাকাই রয়েছে। এ সময়ে মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি, ডলারের বিনিময় হার, ব্যাংক গ্যারান্টি কমিশন ও সুদের হারসহ পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্তমান কমিশনে স্টেশন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেন মালিকেরা।

তারা সরকারের কাছে চারটি দাবি জানিয়েছেন। সেগুলো হলো-

  • প্রতি ঘনমিটার সিএনজিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৩ দশমিক ৯৬ টাকা নির্ধারণ।
  • ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে কমিশন বা মার্জিন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ের ব্যবস্থা।
  • গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল।
  • সড়ক ও জনপথ বিভাগের ইজারা, লাইসেন্স ও নবায়ন ফিসহ সরকারি বিভিন্ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত