কুমিল্লায় গণধর্ষণ মামলা প্রত্যাহার না করায় ভুক্তভোগী পরিবারকে হামলা ও হুমকি

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে ১৪ বছরের এক স্কুলশিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারের ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। নিরাপত্তা চেয়ে ভিকটিমের মা সোমবার (২১ জুলাই) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, মামলার ১ নম্বর গ্রেপ্তারকৃত আসামি ফয়েজ আহমেদের ভগ্নিপতির বাড়ি বাদীর বাড়ির পাশেই। এর সূত্র ধরে ফয়েজের ভগ্নিপতি সোহাগ, আনিস, আব্দুল জলিল ও শাহ আলম সম্প্রতি বাদীর বাড়িতে চড়াও হন। তারা মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং তাতে রাজি না হওয়ায় বাদীকে মারধরের চেষ্টা চালান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন।
ভুক্তভোগী কিশোরীর মা সাংবাদিকদের বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে প্রতিনিয়ত চাপ দিচ্ছে। বাড়িতে এসে হামলা চালানোয় আমরা পুরো পরিবার এখন চরম আতঙ্কে আছি।

উল্লেখ্য, গত ১৫ জুন বিকেলে ভুক্তভোগী কিশোরী খালার বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে ফেনীর বাসায় ফিরছিল। পথে আসামিরা তাকে তুলে নিয়ে নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের একটি নির্জন টিনশেড বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম মোল্লা বাড়ীর জয়নাল আহম্মদের ছেলে সিএনজি চালক রিয়াজ মোল্লা (২৬) ও একই গ্রামের ফয়েজ আহমেদকে (২৬) গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, মামলা প্রত্যাহার ও হুমকির বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পেয়ে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত