খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর সিঅ্যান্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত শাহেদ মাহমুদ (৯) ওই এলাকার আব্দুর রহমানের ছেলে ও খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র।
পরিবার জানায়, শাহেদের বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী এবং মা লাবণি ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা। ঘটনার সময় বাবা ও বড় ভাই শাকের মাহমুদ বাসায় ছিলেন। শাহেদ সাঁতার জানলেও গোসলের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর একপর্যায়ে পুকুরে ডুবে যায়। পরে তার মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।
বৃহস্পতিবার বাদ আসর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার শেষে নগরীর গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।