স্মার্ট অর্থনীতি বাস্তবায়নে লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা খাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে জীবন বীমা খাত কেবল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই ত্বরান্বিত করছে না, বরং সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করতে অনন্য অবদান রাখছে। স্মার্ট অর্থনীতি বিনির্মাণে লাইফ ইন্স্যুরেন্স খাতের বহুমুখী ভূমিকা এবং এর কৌশলগত দিকগুলোর বিষয়ে দেশ রূপান্তরকে সাক্ষাৎকার দিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন
বীমার বিভিন্ন বিষয়ে তার বক্তব্য হলো : ডিজিটাল বীমা সেবা সম্প্রসারণ ও প্রযুক্তির ব্যবহার
স্মার্ট অর্থনীতির মূল ভিত্তি হলো প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং কাগজবিহীন বা ক্যাশলেস সেবা নিশ্চিত করা। বর্তমান সময়ে জীবন বীমা খাত এই লক্ষ্য অর্জনে ব্যাপক অগ্রগতি সাধন করেছে। অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ্লিকেশন, ই-কেওয়াইসি, ই-পলিসি এবং ডিজিটাল প্রিমিয়াম পরিশোধ ব্যবস্থার প্রবর্তনের ফলে বীমা সেবা এখন গ্রাহকের হাতের মুঠোয় চলে এসেছে। এর ফলে একদিকে যেমন অপচয়, সময় এবং পরিচালনা ব্যয় হ্র্রাস পাচ্ছে, অন্যদিকে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা এখন ঘরে বসেই তাদের পলিসির বর্তমান অবস্থা, বোনাস এবং প্রিমিয়ামের বিবরণী খুব সহজেই জানতে পারছেন।
বীমায় আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা
দেশের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে প্রচলিত আর্থিক ব্যবস্থার বাইরে ছিল। স্মার্ট অর্থনীতি বাস্তবায়নের জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে বীমা তথা আর্থিক কাঠামোর আওতায় আনা অপরিহার্য। জীবন বীমা খাত ক্ষুদ্র বীমা এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মতো আধুনিক মাধ্যমের সাহায্যে গ্রামের সাধারণ মানুষ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর কাছে বীমা সেবা পৌঁছে দিচ্ছে। এর ফলে দেশের একটি বিশাল প্রান্তিক জনগোষ্ঠী আর্থিক সুরক্ষার আওতায় আসছে, যা সামগ্রিক অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে।
বীমা দীর্ঘমেয়াদি মূলধন গঠন এবং দেশীয় বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক
বীমা প্রতিষ্ঠানগুলো পলিসি ধারকদের কাছ থেকে সংগৃহীত প্রিমিয়ামের একটি বিশাল অংশ দীর্ঘমেয়াদি তহবিল হিসেবে গড়ে তোলে। এই সংগ্রহীত তহবিল সরকারি সিকিউরিটিজ, ট্রেজারি বন্ড, লাভজনক শেয়ার বাজার এবং অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হয়। এই দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফলে দেশের মূলধন গঠন প্রক্রিয়া গতিশীল হয়, যা জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধি বজায় রাখতে এবং শিল্পায়নকে ত্বরান্বিত করতে সরাসরি সহায়তা করে।
বীমায় প্রযুক্তিভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ
স্মার্ট অর্থনীতির যুগে ঝুঁকির প্রকৃতি এবং তার মোকাবিলার কৌশলও পরিবর্তিত হয়েছে। জীবন বীমা কোম্পানিগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা, স্যাটেলাইট ডেটা এবং আধুনিক ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে নিখুঁতভাবে ঝুঁকি মূল্যায়ন করছে। এর মাধ্যমে একদিকে যেমন জালিয়াতি বা প্রতারণা রোধ করা সম্ভব হচ্ছে, অন্যদিকে গ্রাহকদের প্রকৃত চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে আধুনিক বীমাপণ্য তৈরি করা সহজ হচ্ছে। এছাড়া প্রযুক্তি ব্যবহারের ফলে বীমা দাবি নিষ্পত্তির দীর্ঘসূত্রতা কমে আসছে এবং প্রক্রিয়াটি আরও বেশি জনবান্ধব হচ্ছে।
বীমা কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সহায়ক
স্মার্ট বীমা ব্যবস্থার সম্প্রসারণের ফলে দেশে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ারি, ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডিজিটাল কাস্টমার কেয়ার প্রফেশনালের মতো প্রযুক্তিগত ও বিশেষায়িত পেশায় দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশের শিক্ষিত যুবসমাজ আধুনিক প্রযুক্তিনির্ভর পেশার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে এবং সার্বিকভাবে দেশের মানবসম্পদের মান উন্নত হচ্ছে।
বীমা সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক
মানুষের জীবন ও জীবিকায় আকস্মিক বিপদ বা ঝুঁকি যেকোনো পরিবারকে মুহূর্তের মধ্যে চরম অর্থনৈতিক সংকটে ফেলে দিতে পারে। জীবন, স্বাস্থ্য, দুর্ঘটনা এবং অবসরকালীন বীমার মতো কল্যাণমূলক স্কিমগুলোর মাধ্যমে এই ধরনের অপ্রত্যাশিত সংকট মোকাবিলা করা সম্ভব হয়। বীমা পরিবারগুলোকে দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা প্রদান করে, যা একটি টেকসই, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরাসরি অবদান রাখে।
বীমা খাতে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠার পাশাপাশি জনআস্থা অর্জন অপরিহার্য
একটি সফল অর্থনীতির জন্য আর্থিক খাতের সুশাসন অপরিহার্য। বীমা খাতের উন্নয়নে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কঠোর তদারকি এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। স্বচ্ছ হিসাব ব্যবস্থা, ডিজিটাল অডিট এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে খাতের ওপর সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। জনআস্থা বাড়লে বীমার পরিধিও বিস্তৃৃত হয়, যা জাতীয় অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করে তোলে।
বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়
বীমা খাতের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও কিছু বাস্তবধর্মী চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতার অভাব, ঐতিহ্যগত ধারণা থেকে বেরিয়ে আসার অনীহা, প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তিগত অবকাঠামোর ঘাটতি এবং দাবি নিষ্পত্তিতে কিছুটা বিলম্ব গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার আরও বাড়াতে হবে, বীমা শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে এবং সম্পূর্ণ গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে হবে।
স্মার্ট অর্থনীতি বিনির্মাণের যাত্রায় জীবন বীমা কেবল একটি আর্থিক সেবামূলক খাত নয়, এটি দেশের প্রতিটি মানুষের ভবিষ্যৎ সুরক্ষার এক আস্থার প্রতীক। প্রযুক্তির সঠিক ব্যবহার, স্বচ্ছতা বজায় রাখা, উদ্ভাবনী বীমা পণ্য তৈরি এবং দ্রুত দাবি নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে জীবন বীমা খাত আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিকে একটি টেকসই উচ্চতায় নিয়ে যেতে সর্বাত্মক ভূমিকা পালন করবে।