দাউদকান্দি উপজেলা পরিষদের ‘পায়রা ভবন’ উধাও, জানে না প্রশাসন

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পরিষদের পুরনো এক ভবন নিলাম ছাড়াই ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। তবে কে বা কারা ভেঙ্গে নিয়েছে তা জানে না উপজেলা প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন  ‘পায়রা’ নামে পাঁচ কক্ষের আড়াইতলা ওই ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মিত হয়েছিল আশির দশকের শেষ দিকে।

২৪ এর ছাত্র জনতার অভ্যুথ্যানে ভবনটির বাইরের অংশে দরজা জানালা ভাংচুরসহ অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত ছিল। কয়েকদিন আগে ভবনটি উধাও বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সরেজমিন গিয়ে দেখা যায়, দ্বিতল ভবনটির নিচতলার কয়েকটি ভাঙ্গা দেয়াল ছাড়া ছাদের কোন অস্তিত্ব নেই। কে বা কারা এ ভবনটি ভেঙে ইট-সুরকি নিয়ে গেছে এ বিষয়ে কেউ কোনো কিছুই জানে না।

অনুসন্ধানে জানা যায়, ২৪ এর অভ্যুত্থানের পর উপজেলা চেয়ারম্যানের বাসভবনে দুটি বিদেশি কুকুরসহ বিভিন্ন মালামাল ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ হোসেন নামে এক কর্মকর্তা। পরে স্থানীয়রা আটক করে। মোশাররফ হোসেন উন্নত প্রযুক্তি নির্ভর পাটজাত সম্প্রসারণ প্রকল্পের দাউদকান্দি উপজেলার উপসহকারী হিসেবে কর্মরত ছিলেন। মোবাইল ফোনে তিনি জানান, দুটি বিদেশি কুকুর খাবার না পেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল। চেয়ারম্যানের লোকজনের সাথে যোগাযোগ করে কুকুর এবং বিভিন্ন ব্যবহারের মালামাল ট্রাকে করে পাঠানোর সময় বাঁধা দেয়। পরে মালামালগুলো ওই সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের হেফাজতে রাখা হয়েছে। তবে ভবন ভেঙ্গে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, উপজেলা পরিষদের বাউন্ডারির ভিতরে একটি ভেঙে নিয়ে গেছে, কেউ জানে না, এটা কি করে সম্ভব। ভবন ভাঙতে নিশ্চয় বেশ কয়েকদিন সময় লেগেছে, তবু কেউ দেখেননি এটা ভাবা যায়!

উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, গত বছরের মার্চ মাসে ভবনটি পরিত্যক্ত ঘোষণা এবং নিলামে বিক্রয়ের জন্য একটি প্রাক্কলণ প্রস্তুত করা হয়েছে। নিলাম করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  এরমধ্যে কে বা কারা ভবনটি ভেঙ্গে নিয়ে গেছে তা জানি না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, বিষয়টি আমি বিলম্বে অবগত হয়েছি।  জনৈক এক ঠিকাদার কিছু মালামাল নিয়েছে বলে শুনেছি। তবে ভবনটি কে বা কারা ভেঙ্গে নিয়ে গেছে  পুরো বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত