ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি এবং বেসরকারি একটি ব্যাংকের ম্যানেজারের ওপর হামলার ঘটনায় ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে লুন্ঠিত নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার সুরত আলী, রাজবাড়ীর পাংশা এলাকার সর্দার আলতাফ ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আরিফুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, গত ৯ জুলাই রাতে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠ সংলগ্ন পাকা রাস্তার ওপর খেজুর গাছ ফেলে ব্যারিকেড দেয় একদল মুখোশধারী ডাকাত। তারা মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন লুট করে নেয়।
এ সময় বেসরকারি গ্রামীণ ব্যাংক মুজিবনগর শাখার ম্যানেজার জহুরুল ইসলাম বাধা দিলে ডাকাত দল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় একই দিন গ্রামীণ ব্যাংকের মুজিবনগর শাখার ম্যানেজার জহুরুল ইসলাম অজ্ঞাতদের নামে কোটচাঁদপুর থানায় মামলা করেন।
ঘটনার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে সুরত আলী ওরফে সুরত ডাকাতকে গ্রেপ্তার করে। ওই সময় তার কাছ থেকে লুণ্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা এলাকা থেকে আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার আলতাফ ওরফে আলতাফ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের ধারাবাহিকতায় আজ চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের অন্যতম সদস্য আরিফুলকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে পাঠিয়েছে।