চট্টগ্রামে লবণ কারখানায় আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৫

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট লিমিটেড নামের লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিক মারা গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ভয়াবহ ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হক নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। তার বাড়ি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন দেশ রুপান্তরকে বলেন, বোয়ালখালীতে লবন কারখানায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই নিয়ে পাঁচজন শ্রমিকের মৃত্যু হলো। এখন আমাদের এখানে আর কোন শ্রমিক নেই।

এর আগে গত ১৬ জুলাই সকালে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত ‘কনফিডেন্স সল্ট লিমিটেড’ নামের লবণ কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ১০ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে পাঁচজন কারখানার নিজস্ব শ্রমিক এবং বাকি পাঁচজন ঠিকাদারের অধীনে কর্মরত মেরামতকর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার বড় জেনারেটরসহ বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট থাকায় সেগুলো মেরামতের কাজ চলছিল। এ জন্য একসঙ্গে পাঁচটি ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে সেখানে থাকা দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হলে শ্রমিকেরা মারাত্মকভাবে দগ্ধ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত