জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে শুধু পদত্যাগ করলেই হবে না; তাকে গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর পৌরশহরের ফৌজদারি মোড় এলাকায় জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনপিপির নেতারা পদযাত্রার অংশ হিসেবে প্রথমেই পৌরশহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা বের করেন। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে সমাবেশ করেন।
সেই সমাবেশে নাহিদ ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর নির্বিচার হত্যাকা-ে ভূমিকা রেখেছেন। তাই শুধু পদত্যাগ নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনতে হবে।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। আবার তিনি নিজে পদত্যাগ করবেন না, তাকে বিএনপির চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হচ্ছে এমন কথাও শোনা যাচ্ছে। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার শুধু পদত্যাগ নয়, তার বিচারও নিশ্চিত করতে হবে।