রাজধানীর কামরাঙ্গীরচরে একটি নির্মাণাধীন ভবনে সহকর্মী দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে মো. সাকিব নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীর এলাকার ১৮ নম্বর সড়কে মাহাদীনগর রব টাওয়ারে এ ঘটনা ঘটে।
সাকিবের সহকর্মীরা বলেন, সাকিব পেশায় নির্মাণশ্রমিক। গতকাল সকালের দিকে নির্মাণাধীন ওই ভবনের তৃতীয় তলায় ইয়াসিন ও জাহাঙ্গীর নামে দুই শ্রমিক মারামারিতে জড়িয়ে পড়েন। তাদের মারামারি থামাতে গিয়ে সাকিব মারামারি না করে কাজ করার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মারামারি থামিয়ে তারা দুজন মিলে সাকিবকে মারধর করে। একপর্যায়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিলে সাকিব গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত সাকিব নোয়াখালীর মাইজদী এলাকার ভাটিরটেকের সাইফুল ইসলামের ছেলে।
এদিকে কামরাঙ্গীচর থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।