দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে। তিনি রংপুর বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৪৫০ জন। এই নিয়ে চলতি মাসের ২৩ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯১৬ জনে। আর মৃত্যু হয়েছে ২১ জনের। এ ছাড়া গত মাসে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ জন, খুলনায় ৬৬ জন এবং ময়মনসিংহে ১৯ জন, রাজশাহী ১১ জন, রংপুরে ৪৪ জন ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় ৪১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২০ জন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী ।