বাংলাদেশ প্রথমবারের মতো 'জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োমেডিকেল, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস সামিট ২০২৬' আয়োজন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
আজ শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে দু’দিনব্যাপী এই সামিট শুরু হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্প সমিতি এবং সিলিকন রিভার যৌথভাবে প্রযুক্তিনির্ভর এই আয়োজনের উদ্যোগ নিয়েছে।
আয়োজকদের মতে, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হবে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি, রোবোটিকস, গবেষণার বাণিজ্যিকীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক বিনিয়োগ এবং বৈশ্বিক প্রযুক্তি অংশীদারত্বের সুযোগ অনুসন্ধান করা।
দুই দিনব্যাপী এই আয়োজনে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তির সমন্বয়, উচ্চপ্রযুক্তির ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, বাংলাদেশের প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা নিয়ে ১১টি মূল অধিবেশন ও সাতটি কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হবে।