বিশ্ব মিডিয়ায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফলে সংবিধান অনুযায়ী স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

দীর্ঘদিন ধরেই মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দুই বছর পর তাঁর পদত্যাগ আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ‘বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ’ শিরোনামের প্রতিবেদনে জানিয়েছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই বিরোধীদের চাপের মুখে তিনি পদত্যাগ করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে-এমন গোয়েন্দা তথ্য সামনে আসার পর পদত্যাগের দাবি নতুন করে জোরালো হয়।

২০২১ সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা কাঠামো নিয়ে নির্মিত ‘All the Prime Minister’s Men’ প্রামাণ্যচিত্র প্রকাশের মাধ্যমে বাংলাদেশে আলোচনায় আসে আল জাজিরা।

এরমধ্যে হংকংভিত্তিক চীনা মালিকানাধীন সাউথ চায়না মর্নিং পোস্ট সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাসন থেকে ফেরার ঘোষণাকে যুক্ত করেছে।

তারা তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের প্রেসিডেন্টের পদত্যাগ। নির্বাচন থেকে ফেরার আগে এক হয়ে গেলেন হাসিনা’।

বিবিসি ‘বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন হাসিনার ঘনিষ্ঠজন’ শিরোনামের প্রতিবেদনে লিখেছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে জল্পনার মধ্যেই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। প্রতিবেদনে রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার দেশে ফেরার আগ্রহের বক্তব্যেরও উল্লেখ করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের পদত্যাগ, জানিয়েছে স্থানীয় গণমাধ্যম’।

মালয়েশিয়ার দ্য স্টার লিখেছে, ‘স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ’।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস তাদের খবরে বলেছে, ‘সাবেক নেতা (হাসিনার) ফেরার অনিশ্চয়তার মধ্যে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি’।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগের কারণে বর্তমান সরকার তাঁকে রাষ্ট্রপতির পদে রাখতে চায়নি। অন্যদিকে এনডিটিভি জানিয়েছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছেড়েছেন মো. সাহাবুদ্দিন। তারা তাঁকে শেখ হাসিনার ‘সাবেক ঘনিষ্ঠজন’ হিসেবে উল্লেখ করেছে।

ভারতের নিউজ-১৮ তাদের শিরোনামে বলেছে, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, শেখ হাসিনার কাছের লোক, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত