ঋণ ও মানসিক চাপে ইউপি সদস্যের আত্মহত্যা!

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম ওরফে লাভলুর (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার অন্বয়পুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 
স্থানীয়দের দাবি, বিভিন্ন মামলা-মোকদ্দমা, ঋণের চাপ এবং আর্থিক সংকটের কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের বোঝাও তার ওপর ছিল। তিনি ৪ পুত্র ও ১ কন্যার জনক। তৃতীয় স্ত্রীকে নিয়ে সংসার করতেন।
 
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দেশরূপান্তরকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
তিনি আরও জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রেজাউল করিম শারীরিক অসুস্থতা, মানসিক সমস্যাসহ ঋণের চাপের মধ্যে ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত