গোপালগঞ্জ সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা এলাকায় শুক্রবার (২৪ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈরের পূর্ব নাগরদি গ্রামের উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের ফয়সাল ব্যাপারী (২০)।
বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) শামীম আল মামুন জানান, একটি মোটরসাইকেলে করে অচিন্ত্য ও উজ্জ্বল গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা আরও একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অচিন্ত্য নিহত হন। এঘটনায় উজ্জ্বল ও অপর মোটরসাইকেলে আরোহী ফয়সাল গুরতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং আহত উজ্জ্বলকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ও ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।
এস আই জানান, ময়নাতদন্তের জন্য তিনজনের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।