মেয়াদ থাকা সভাপতিকে সরিয়ে কলেজ গভর্নিং বডিতে এমপির স্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম

মেয়াদের এখনও আট মাস বাকি থাকলেও সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে অব্যাহতি দিয়ে নতুন সভাপতি হিসেবে সাবিনা সিদ্দিকা রিতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী।

বিষয়টি নিয়ে গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে নতুন সভাপতির তথ্য জানানো হয়।

জানা যায়, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পান। সে অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২৪ এপ্রিল। তবে মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই তাকে পরিবর্তন করা হয়েছে।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, কোনো অভিযোগ বা পূর্ব আলোচনা ছাড়াই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। তিনি আরও বলেন, গভর্নিং বডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সদস্য হিসেবে রয়েছেন। অন্য কাউকে দায়িত্ব দিলে হয়তো প্রশ্ন উঠত না। তবে একজন সংসদ সদস্যের স্ত্রীকে এ পদে নিয়োগ দেওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তার ভাষ্য, এটি স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের উদাহরণ।

এ বিষয়ে জানতে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে নতুন সভাপতি সাবিনা সিদ্দিকা রিতা বলেন, কলেজ কর্তৃপক্ষ নারী নেতৃত্ব চেয়েছিল। সে কারণেই তিনি আবেদন করেন। তার দাবি, এ নিয়োগে শিক্ষাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং প্রয়োজনীয় যোগ্যতা থাকায় তাকে এ পদের জন্য বিবেচনা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত