প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম

অনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড’ এই অঙ্গীকারকে সামনে রেখে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর ফোরটিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য ও স্বতন্ত্র পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।

সম্মেলনে স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ ব্যাংকের আগামী দিনের ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল তুলে ধরেন। তিনি আমানত সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে চলমান ও নতুন আমানত সংগ্রহ অভিযান সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যমান ব্যবসায়িক ঘাটতি দূর করা, লাভজনক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং প্রতিটি শাখাকে আরও কার্যকর ও ফলপ্রসূভাবে পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ব্যাংকে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা অব্যবস্থাপনার স্থান নেই। আমানতকারীদের আমানত সুরক্ষা করা ব্যাংকের সর্বোচ্চ দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এ দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সম্মেলনে সিনিয়র ম্যানেজমেন্ট টিম ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত উদ্যোগ নিয়ে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। এসব উপস্থাপনায় আমানত সংগ্রহ, ঋণ আদায় কার্যক্রম, বাংলা কিউআর, এজেন্ট ব্যাংকিংসহ ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের অগ্রগতি, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করা, লাভজনক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং গ্রাহকসেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যাংককে আরও শক্তিশালী ও টেকসই অবস্থানে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত