বাগেরহাটে নিজাম উদ্দীন শান্ত নামে এক আইনজীবী হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে নিহতের স্ত্রী স্বপ্না আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
এদিকে আইনজীবী নিজামের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি।
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য সাবেক সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু জানান, আইনজীবী নিজাম সমিতির সদস্য ছিলেন। তাকে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করবে সেই দাবি জানাচ্ছি।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, আইনজীবী নিজাম হত্যার ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত তাদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।
২৪ জুলাই রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আইনজীবী নিজাম উদ্দীন শান্তকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পথরোধ করে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট সদরের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য।