জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি

‘পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটর করা হচ্ছে। এই উপনির্বাচনকে ছোট করে দেখা হচ্ছে না।’

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছে না নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে বর্তমান উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপনির্বাচনের আইন-শৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটর করা হচ্ছে। তারা স্বচ্ছতায় বিশ্বাস করেন। এই উপনির্বাচনকে ছোট করে দেখা হচ্ছে না।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে তাদের অর্পিত নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে। শুধু তা-ই নয়, ঢাকা থেকে পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে নিবিড় মনিটরিং করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

১১ দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে।

নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করে সিইসি এ এম এম নাসিরউদ্দিন আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে অতীতে যেসব সংঘাত ও লজ্জাজনক সংস্কৃতি গড়ে উঠেছিল, সেখান থেকে এবার বেরিয়ে আসতে চায় নির্বাচন কমিশন।

সব পক্ষের অংশগ্রহণে দেশে একটি উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে বলেনও জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত