মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে বিদেশি কসমেটিকস বিক্রিতে অনিয়মের অপরাধে দু’টি প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলার টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজারে এ অভিযান চালান অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, এদিন দুপুর ১ টা থেকে আড়াইটা পর্যন্ত টঙ্গীবাড়ি বাজারের মাঝি মার্কেটে অভিযান চালান। এসময় বিদেশি কসমেটিকস বিক্রির ক্ষেত্রে পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য উল্লেখ না থাকায় ওই মার্কেটের কোরিয়ান বিউটি শপের মালিক অর্ণব ইসলাম ও কে বিউটি ব্র্যন্ডের ব্যবস্থাপক শান্ত শিকদারকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ি তানা পুলিশের টিম।