জামালপুরে ট্রাক চাপায় ২ পথচারী নিহত

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম

জামালপুর সদর উপজেলায় ট্রাক চাপায় ননি ড্রাইভার (৬০) ও হাফিজ উদ্দিন (৫৫) নামের দুই পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুস সাকিব। নিহতদের মধ্যে ননি ড্রাইভার ঘটনাস্থলেই মারা যায়।

আর গুরুতর আহত মো. হাফিজকে হাসপাতালে নেওয়ার পর আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকালে উপজেলার দিগপাইত ইউনিয়নের কাঁচাবাজার এলাকার মুন্সি বাড়ির সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত ননি ড্রাইভার দিগপাইত ড্রাইভার বাড়ি এলাকার মৃত মজিদ ড্রাইভারের ছেলে। অপর নিহত হাফিজ উদ্দিন সরিষাবাড়ী উপজেলার মাটিয়াজানী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে ননি ও হাফিজ বাজার করার জন্য সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় জামালপুরগামী ঢাকা মেট্রো-ট ২৪-০৩৫০ নম্বরের একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ননি ড্রাইভারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুস সাকিব বলেছেন, ঘটনাস্থলেই একজন এবং ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যায়। এই ঘটনায় ট্রাকটি আটক আছে। আর চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত