সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১২:০১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণহীন মালবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাহে আলম (৪০)। উপজেলার বাবরকপুর গ্রামের ভাড়াটিয়া। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি  ভোলা জেলায় বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

আহত চারজন হলেন- উপজেলার বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনা গাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী একটি মালবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পথচারী মাহে আলম। চার যাত্রীকে স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাইওয়ে পুলিশ, থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত