ফ্রান্সকে নিয়ে উচ্চাশার কথা বললেন নতুন কোচ জিদান

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম

রিয়াল মাদ্রিদের সাবেক সফল কারিগর জিনেদিন জিদানের হাতে এবার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো ফরাসি জাতীয় দলের দায়িত্ব। দুই দশক আগে মাঠের সবুজ গালিচায় যে জাদুতে গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন, এবার ডাগআউটের টাচলাইন থেকে সেই একই জাদুকরি ছোঁয়া ফরাসি শিবিরে ফিরিয়ে আনাই হবে তার নতুন মিশন।

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে পরাজয় এবং পরবর্তীতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ গোলের এক রুদ্ধশ্বাস ও গোলবন্যার ম্যাচে হেরে চতুর্থ স্থান নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছিল ফ্রান্স। সেই হতাশার পরই অবসান ঘটে কোচ দিদিয়ের দেশমের বর্ণাঢ্য অধ্যায়ের।

বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ফরাসি গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল যে দেশমের উত্তরসূরি হিসেবে ফরাসি ডাগআউটে দেখা যাবে জিনেদিন জিদানকে। অবশেষে আজ (মঙ্গলবার) ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) এক  আনুষ্ঠানিক বিবৃতিতে সেই জল্পনারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটল। জিদানের চুক্তির মেয়ার ২০৩০ সাল পর্যন্ত।

১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই দুই সতীর্থের দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক এবার রূপ নিল এক নতুন পেশাদার অধ্যায়ে। দেশম তার দীর্ঘ ১৪ বছরের কোচিং ক্যারিয়ারে ১৮৫ ম্যাচে ১২০ জয়ের পাশাপাশি ২০১৮ সালের বিশ্বকাপ ট্রফি, ইউরো ২০১৬ ও ২০২২ বিশ্বকাপের ফাইনাল এবং ২০২০-২১ নেশনস লিগ উপহার দিয়ে এক অবিস্মরণীয় উত্তরাধিকার রেখে গেছেন।

২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ৫৪ বছর বয়সী জিদান। দায়িত্ব গ্রহণ করে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিদান বলেন, ‘আমি অনেকবারই বলেছি: ফরাসি জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। তাই এই দলের কোচ হতে পারাটা যেমন আনন্দের, তেমনি অত্যন্ত গর্বের।’

শুধু আবেগ প্রকাশেই থেমে থাকেননি ফরাসি ফুটবলের এই বরপুত্র, একই সাথে মনে করিয়ে দিয়েছেন এই পদের বিশালত্বের কথাও। নিজের দায়িত্ববোধের কথা জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘এটি একই সাথে একটি বড় দায়িত্বও। আমি এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালো, নির্বাহী কমিটি এবং পুরো ফেডারেশনের প্রতি তাদের আস্থার জন্য ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি দিদিয়ের ও তাদের স্টাফদের ১৪ বছরের অসামান্য সেবাকেও আমি কুর্নিশ জানাই।’

কোচ হিসেবে নতুন এই চ্যালেঞ্জ গ্রহণের আগে নিজের পেছনের পথচলা ও সাফল্যের কারিগরদের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেছেন জিদান। ফরাসি ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নিজের সুদূরপ্রসারী ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আজ আমার সব কোচদের প্রতিও আমার একটি বিশেষ ভাবনা বা কৃতজ্ঞতা রয়েছে। বলার অপেক্ষা রাখে না যে, ফরাসি জাতীয় দলের জন্য আমার উচ্চাকাঙ্ক্ষা অনেক বড়।’

কোচ জিদানের অধীনে নতুন এই ফরাসি দল খুব দ্রুতই মাঠে নামছে। আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগের ম্যাচ খেলতে তুরস্ক সফরে যাবে তারা। এরপর আগামী ২ অক্টোবর স্তাদে দে ফ্রান্সে ইতালির মুখোমুখি হবে দলটি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত