আর্জেন্টিনার ফুটবল খেলার ধরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ১৯৯০ সালের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রুডি ফোলার। তাঁর মতে, আর্জেন্টিনার আক্রমণাত্মক ও অতিরিক্ত ফাউলনির্ভর ফুটবল কোনো আদর্শ হতে পারে না।
জার্মানির মেইনজে অনুষ্ঠিত 'বিডিএফএল আন্তর্জাতিক কোচিং কংগ্রেস'-এ কথাগুলো বলেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ডিরেক্টর। টানা তিনটি বিশ্বকাপে (২০১৮, ২০২২ ও ২০২৬) ব্যর্থতার পর জার্মানির কোথায় সংশোধন প্রয়োজন- এমন প্রশ্নের জবাবে ফোলার স্পষ্ট জানান, জার্মানিকে সবার আগে নিজেদের ডিফেন্স বা রক্ষণভাগ মজবুত করতে হবে। কিন্তু এই আলোচনাতেই কিছু বিশেষজ্ঞ আর্জেন্টিনার রক্ষণের উদাহরণ টেনে আনলে কড়া প্রতিবাদ জানান ফোলার, "অনেকে বিশ্বমঞ্চে আর্জেন্টিনাকে ভালো রক্ষণের রোল মডেল বা আদর্শ হিসেবে তুলে ধরছেন। কিন্তু এটা অত্যন্ত বাজে একটি উদাহরণ। হঠাৎ করেই আর্জেন্টিনাকে যেন সবকিছুর মাপকাঠি বানিয়ে ফেলা হলো! এই পুরো আলোচনাটাই আমার কাছে ভণ্ডামি মনে হয়।"
ফোলারের মতে, ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে রানার্স-আপ হলেও আর্জেন্টিনার খেলার মূল ভিত্তি ছিল ট্যাকটিক্যাল ফাউল, অতিরিক্ত আগ্রাসন এবং খেলা ধীরগতির করার প্রবণতা। কেবল জয়ের উদ্দেশ্যে প্রতিপক্ষকে বারবার ফাউল করা বা অসৌজন্যমূলক আচরণ করা ফুটবলের মূল সৌন্দর্যের পরিপন্থী। ফোলার সরাসরি বলেন, "আমি এমন কোনো দল চাই না যারা আর্জেন্টিনার মতো খেলে। ওদের এই কৌশলের সাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই।"
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং তাঁর দলের প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশংসা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন ফোলার। কেবল ফলাফলের জন্য তাদের নান্দনিকতাহীন কৌশলকে যেভাবে মহিমান্বিত করা হচ্ছে, তা তাঁর কাছে বোধগম্য নয়।
ফোলারের মতে, উদীয়মান ও যুব ফুটবলারদের কাছে আর্জেন্টিনার এই কৌশলকে মডেল হিসেবে উপস্থাপন করলে তা ফুটবলের সততা ও স্পোর্টসম্যানশিপের জন্য ক্ষতিকর হবে।
আর্জেন্টিনাকে প্রত্যাখ্যান করে ইউরোপের দুটি পরাশক্তির উদাহরণ সামনে এনেছেন ফোলার, 'বিশ্বকাপ বিজয়ী স্পেন নিজেদের পাসিং ও গতিময় আক্রমণাত্মক শৈলী না হারিয়েই দুর্দান্ত ডিফেন্স দেখিয়েছে। কৌশল অক্ষুণ্ণ রেখে প্রতিরক্ষা সামলানোই আসল ফুটবল।'
টুর্নামেন্টে ইংল্যান্ডের সুসংগঠিত রক্ষণের প্রশংসা করে ফোলার বলেন, জার্মানির উচিত স্পেন ও ইংল্যান্ডকে অনুসরণ করা, আর্জেন্টিনাকে নয়।
ফ্রান্সকে নিয়ে উচ্চাশার কথা বললেন নতুন কোচ জিদান