মাদক কারবারির তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবেন মাসুদ এমপি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম

মাদক কারবারির তথ্য দিলে তথ্যদাতাকে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়তে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিবর্তে মাদক নির্মূল অধিদপ্তর গঠন করতে তিনি সংসদে প্রস্তাব পেশ করেছেন জানিয়ে বলেন, মাদক নিয়ন্ত্রণের অর্থ হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে থেকে মাদক ক্রয়-বিক্রয় করা। কিন্তু মাদক নির্মূলের অর্থ হচ্ছে যুব সমাজকে মাদককে রক্ষা করতে দেশে কোনো মাদক কারবারি থাকবে না এবং দেশে মাদক ক্রয়-বিক্রয় পুরোপুরি নিষিদ্ধ করা। কিন্তু কোনো সরকারই মাদক নির্মূল না করে নিয়ন্ত্রণের কথা বলছে। কারণ মাদকের সিন্ডিকেট সরকারের ভেতর থেকেই পরিচালিত হয়।  

মঙ্গলবার (২৮ জুলাই) বাউফল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধ, পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদক প্রতিরোধে শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বাউফলকে মাদকমুক্ত করতে স্থানীয়দের সহযোগিতা চেয়ে বলেন, মাদক কারবারির তথ্য দিলে তথ্যদাতাকে তার (এমপির) পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।  

ড. মাসুদ এমপি আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং সর্বস্তরের সচেতন নাগরিককে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বিশেষভাবে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সচেতন থাকার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক মূল্যবোধ জোরদার, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে তারা সমাজের সকল শ্রেণী পেশার লোকজনের প্রতি আহ্বান জানান। 

সভায়, বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, বাউফল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ফিরোজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত