সড়কে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ

রাজধানীতে বসছে ১ হাজার প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:৩১ এএম

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এবার এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামরা বসানোর উদ্যোগ নিয়েছে। এআই ক্যামেরাগুলো তুলনামূলক ব্যয়বহুল হওয়ায় বাজেট সীমাবদ্ধতার মধ্যে দ্রুত বেশি জায়গা কভার করতে এই পদ্ধতি নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান। তবে বর্তমানে ১৬টি পয়েন্টে চালু থাকা মোট ৩৭টি এআই ক্যামেরা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। গতকাল মঙ্গলবার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ট্রাফিকের ডাইভারশন পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি। 

অতিরিক্ত কমিশনার বলেন, প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরাগুলোর মধ্যে থাকা কার্ড সরাসরি ভিডিও রেকর্ড করবে। পরে ভিডিও দেখে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধাপে ধাপে প্রায় ১ হাজার এ ধরনের ক্যামেরা স্থাপন করা হবে। এরই মধ্যে ৩০০ ফিট সড়কের বিভিন্ন স্থানে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যালের তিনি বলেন, বর্তমানে ১৩টি সিগন্যালে সেমি-অটোমেটিক ট্রাফিক ব্যবস্থা চালু আছে। তবে সবসময় তা সচল রাখা সম্ভব হয় না। মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটি, ভারী বৃষ্টি বা অনাকাক্সিক্ষত পরিস্থিতির কারণে সিস্টেম বন্ধ রাখতে হয়।

খুব অল্প সময়ের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় আরও ৫০টি সিগন্যাল চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে আনিছুর রহমান বলেন, অবকাঠামো প্রস্তুত হলেই সেগুলো চালু করতে পারব। অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো যানজট না থাকলেও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন গাড়ি অপ্রয়োজনে হুটার (সতর্কবার্তা যন্ত্র) বাজাচ্ছে। এই অতিরিক্ত শব্দদূষণ মারাত্মক ক্ষতিকর। ট্রাফিক পুলিশের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু কান না, তারা ফুসফুস, মানসিক চাপ, মাথাব্যথা, পিঠের ব্যথাসহ নানা সমস্যায় আক্রান্ত হচ্ছে। তাই সবাইকে মিলেই এই শহরকে বাঁচাতে হবে। এ কারণে অবৈধ হুটার, হাইড্রোলিক হর্ন এবং অবৈধ লাইট ব্যবহারের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত