তথ্য উপদেষ্টা জানালেন

স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু হবে চলতি বছর

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ এএম

চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ ছাড়া বিগত সময়ের বিতর্কিত নির্বাচনের তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন।

ডা. জাহেদ বলেন, ২০২৬ সালের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম ধাপ শুরু হলে পর্যায়ক্রমে সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। তিনি বলেন, জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ও ৫ আগস্টের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণীয় করে রাখতে নির্ধারিত সময়সূচির মধ্যেই জুলাই জাদুঘরের উদ্বোধনী ও স্মারক কার্যক্রম চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, অতীতে সদিচ্ছার অভাবে মামলাটির তদন্ত দীর্ঘায়িত হয়েছে। বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাগর-রুনি হত্যা মামলাসহ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সব ফৌজদারি অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, লুটপাট ও ভুল নীতির কারণে জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তার প্রভাব এখনো বিনিয়োগ ও শিল্প খাতে পড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত