চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচজনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) তাদেরকে চট্টগ্রাম জেলা পুলিশ গ্রেপ্তার করেছে ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
পুলিশ জানায়, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। সম্প্রতি তার দুই সহযোগীকে গ্রেপ্তারের পর পাওয়া তথ্যের ভিত্তিতেই তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি নিজেদের ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচয় দেন। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, দুই সহযোগীর কাছ থেকে পাওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। পরে বুধবার যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
