হবিগঞ্জে হামলায় আহত ছাত্রশক্তি নেতাকে ঢাকায় আনা হচ্ছে

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরীকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার (২৯ জুলাই) সেখানকার চিকিৎসকেরা তাঁকে ঢাকার আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এনসিপির দাবি, হামলার সময় আলিফ চৌধুরীর চোখে রড দিয়ে আঘাত করা হয়। চিকিৎসকেরা আশঙ্কা করছেন, তিনি দৃষ্টিশক্তি হারাতে পারেন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ১৯ বছর বয়সী এক তরুণের চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মঙ্গলবারের ওই হামলায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিনসহ অন্তত ১২ জন আহত হন। তাঁদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তাঁর ভাষ্য, এ ঘটনায় বিরোধী মতের প্রতি বিএনপির অসহিষ্ণু মনোভাবের প্রকাশ ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত