হবিগঞ্জে ১৪৪ ধারা জারি থাকলেও সেখানে কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সারোয়ার তুষারসহ দলের কেন্দ্রীয় নেতারাও থাকবেন।
বুধবার (২৯ জুলাই) এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে সিলেটে পৌঁছেছেন। বিকেলের মধ্যে তাঁদের হবিগঞ্জে পৌঁছানোর কথা।
নাহিদ উদ্দিন তারেকের দাবি, মঙ্গলবার সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ নেতাকর্মীদের ওপর ছাত্রদল দফায় দফায় হামলা চালায়। এ ঘটনা প্রশাসনের সামনেই ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। তবে হবিগঞ্জে তাদের কর্মসূচি ঠেকাতে বিএনপি ও ছাত্রদল একই স্থান ও সময়ে কর্মসূচি ঘোষণা করেছে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতারা গণতান্ত্রিক প্রতিবাদের অংশ হিসেবে হবিগঞ্জের কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, প্রশাসন ১৪৪ ধারা জারি করায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে এনসিপি, সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই স্থান ও সময়ে কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
