কোস্ট গার্ডের তিন অভিযানে ভোলা-হাতিয়ায় ইয়াবা উদ্ধার, আটক ৪

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম

ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক তিনটি বিশেষ অভিযানে ১৩৯ পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর থানার ইলিশা পাকা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এ সময় প্রায় ২০ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, বুধবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে ভোলার লালমোহন থানার উত্তর বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের পরিচালিত আরেকটি অভিযানে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। 

এদিকে, একই দিন ভোর ৪টার দিকে নোয়াখালীর হাতিয়া থানার সোনাদিয়া ইউনিয়নের সেকু মার্কেট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া অভিযান চালিয়ে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল এবং নগদ ৬ হাজার ৫৮০ টাকাসহ আরও একজন মাদক কারবারিকে আটক করে।

কোস্ট গার্ড জানায়, অভিযানে জব্দ করা ইয়াবা, অস্ত্র ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত