গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ল

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামপুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
গ্রামপুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রামপুলিশ প্রধানের মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
 
পাশাপাশি সাধারণ গ্রামপুলিশ সদস্যদের অবসরকালীন অনুতোষিক ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার এবং গ্রামপুলিশ প্রধানদের অনুতোষিক ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রামপুলিশের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এসব সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামপুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃণমূল পর্যায়ে অপরাধের তথ্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে যথাসময়ে জানিয়ে অপরাধ প্রতিরোধে তাদের আরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এর আগে বেলা পৌনে ১২টায় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মহাসমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। মঞ্চে ওঠার সময় সারাদেশে থেকে আসা গ্রামপুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
 
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে মহাসমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
সর্বশেষ সর্বাধিক পঠিত