বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. আবু সাঈদ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে কলিমউল্লাহ বলেন, ‘আবু সাঈদ হত্যার প্রতিবাদ সবার আগে আমিই করেছি। সে আমার ছাত্র ছিল। আমি জুলাই আন্দোলনের বিরোধিতা করিনি। আমার প্রতিবাদের রেকর্ড রয়েছে।’
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের গত ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র ব্যক্তি ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে মুস্তাঈন বিল্লাহ সাব্বিরের বাঁ হাতের কনুইয়ে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর মুস্তাঈন বিল্লাহ সাব্বির বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ হত্যাচেষ্টা মামলা করেন।
২০২৫ সালের ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কলিমউল্লাহকে গ্রেপ্তার করে। সেদিনই দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় গত ১৪ জুন হাইকোর্ট তাকে জামিন দেয়। জামিননামা দাখিলের পর তার মুক্তির প্রক্রিয়া চলছিল। তবে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোয় আপাতত তার মুক্তির পথ বন্ধ হয়ে গেল।
