ধারের টাকার জেরে যুবককে কুপিয়ে আহত

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

মাদারীপুর সদর উপজেলার ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে অন্তর মৃধা নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী মনি আক্তারও। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খোয়াজপুর টেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অন্তর মৃধা (২৬) শরীয়তপুর সদরের দাদপুর নতুনহাট এলাকার শাহ আলম মৃধার ছেলে। বর্তমানে তিনি ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

অভিযোগে জানা গেছে, তিনদিন আগে ব্যক্তিগত প্রয়োজনে মনি আক্তার স্থানীয় বাসিন্দা মুক্তা আক্তারের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ধার নেন। এরই মধ্যে আগের দিন সবুজ কাজী তার নিজ মাকে মারধর করলে অন্তর মৃধা ওই ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সবুজ কাজী তাকে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ।

এর জেরে শুক্রবার সকালে সবুজ কাজী ও তার স্ত্রী মুক্তা আক্তার ধার দেওয়া টাকা তাৎক্ষণিক ফেরত দাবি করে অন্তর মৃধার ভাড়াবাসায় যান। মনি আক্তার বিকেলের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সবুজ কাজী ও মুক্তা আক্তার লাঠিসোঁটা দিয়ে অন্তর মৃধা ও মনি আক্তারকে মারধর করেন। পরে সবুজ কাজী একটি ধারালো রামদা দিয়ে অন্তর মৃধার বামহাতের কনুইয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত