আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই বড় এক ধাক্কা খেয়েছে বাংলাদেশ দলের পেস ইউনিট। গতির ঝড় তোলা পেস আক্রমণভাগের অন্যতম ভরসা নাহিদ রানা ছিটকে গেছেন এই সিরিজ থেকে। স্কোয়াডে থাকা সত্ত্বেও অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকেও লড়তে হচ্ছে নিজের ফিটনেস নিয়ে।
তবে ইনজুরি কাটিয়ে সতীর্থ নাহিদ রানাকে নিয়ে তাসকিনের দেওয়া আশাবাদী বার্তা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে দলের জন্য। নাহিদকে ছাড়াই অজিদের বিপক্ষে এই কঠিন মিশনে নামতে হলেও দুজনের একসঙ্গে মাঠে ফেরার প্রত্যয় দলের ভেতরের মনোবল চাঙ্গা রাখবে।
অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর দুজনকেই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। ডাক্তার দেখানোর পর নিজের ফেসবুক পেজের এক পোস্টে তাসকিন সরাসরি নিজের ও নাহিদের শারীরিক অবস্থা সম্পর্কে জানান। সেখানে তাসকিন লিখেছেন, ‘আশা করি আমাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারব।’
সেই পোস্টে তিনি চিকিৎসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান বিশেষজ্ঞ চিকিৎসক ড. ড্রর মাওরকে। পাশাপাশি এই পুরো প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশি সহযোগী বাবুর অবদানের কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন এই ডানহাতি পেসার।
আগামী ১৩ আগস্ট ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে প্রথম দফায় ১৭ সদস্যের দল অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে। নাহিদ রানার মতো একজন আক্রমণাত্মক পেসারকে ছাড়াই এই চ্যালেঞ্জিং সিরিজে লড়তে হবে সফরকারীদের। তবে তাসকিন ছাড়াও অস্ট্রেলিয়া গামী দলে ফাস্ট বোলার হিসেবে আছেন এবাদত হোসেন, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং নবাগত মুশফিক হাসান।
ফিফাকে ‘স্বচ্ছতা বজায় রাখার’ পরামর্শ এএফসির