বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব চেয়ারম্যানকে দিলেন নেতারা

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০২:৫৬ এএম

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নির্বাচনে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দায়িত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল শনিবার রাতে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে নতুন রাষ্ট্রপতির নির্বাচনের ওপর আলোচনা শেষে চেয়ারম্যানের ওপর এ দায়িত্ব অর্পণ করেছেন স্থায়ী কমিটির সদস্যরা।

বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ অধিবেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন পড়লে স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

এ ছাড়া সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কর্মকা-, সাংগঠনিক বিষয়ের পাশাপাশি আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনলাইনে যুক্ত হন ড. আব্দুল মঈন খান।

স্থায়ী কমিটির বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জেলার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন। সভায় দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

গত ২৪ জুলাই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সংসদ ভবনে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠক শেষে রাষ্ট্রপতি নির্বাচনের আইনের প্রসঙ্গ টেনে সিইসি বলেছিলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে দিনক্ষণ ঠিক করার কথা বলা আছে। সেজন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতে প্রাথমিকভাবে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত হলে জানানো হবে। জাতীয় সংসদ অধিবেশন থাকলে এ নির্বাচন একভাবে হবে, আর না থাকলে আরেক ধরনের ব্যবস্থা রয়েছে।’

এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে। সংসদ সচিবালয় এ নির্বাচনের ভোটার তালিকা দেবে। এজন্য নির্বাচন কমিশন চিঠিও দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত