সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উদ্যোগে নিহতদের স্মরণে বিশেষ প্রদর্শনী ‘জুলাইয়ের লেন্স’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি এমপি ভিলাতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদীয় আসন ঢাকা-১৯ আসনের এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. সালাউদ্দিন বাবু বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই সময়ের বাস্তব চিত্র তুলে ধরতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির সভাপতি সেজুতি হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি প্রমুখ।
প্রদর্শনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সাভারের বিভিন্ন এলাকায় সংঘটিত আন্দোলনের নানা মুহূর্ত, আহত ও নিহতদের স্মৃতি এবং গণআন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোকচিত্র স্থান পেয়েছে।
